ভারতে টানা তিন দিন ২৭০০’র বেশি মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২১, ১০:৫৫ এএম

বুধ এবং বৃহস্পতিবারের মতো শুক্রবারও ভারতে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জন। তাদের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২ কোটি ৮৫ লাখ।

শুক্রবার প্রাণ গেছে ২ হাজার ৭১৩ জনের। এ নিয়ে মোট ৩ লাখ ৪০ হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে করোনায়।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে রোজ যত লোক ভারতে আক্রান্ত হচ্ছেন, তার থেকে রোজ সুস্থ হচ্ছেন অনেক বেশি। এর জেরে ধারাবাহিকভাবে কমছে রোগীর সংখ্যা। কমতে কমতে সক্রিয় রোগী সাড়ে ১৬ লাখের নিচে নেমেছে। এখন দেশটিতে চিকিৎসাধীন রোগী আছেন ১৬ লাখ ৩৫ হাজার ৯৯৩ জন।

রাজ্যগুলোর মধ্যে এখন তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় তা ২৫ হাজারের নিচে নেমেছে। কর্ণাটক এবং কেরালায় ১৮ হাজারের ঘরে।

মহারাষ্ট্রে নেমেছে ১৫ হাজারের ঘরে। অন্ধ্রে এখনো ১১ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন রোজ। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় তা ৯ হাজারের নিচে নেমেছে। ওড়িশাতেও তা ৯ হাজারে কম। আসামে ৪ হাজারের ঘরে।

বাকি রাজ্যগুলোতে দৈনিক আক্রান্ত আড়াই হাজারের নিচে নেমেছে। দিল্লিতে তা কমে হয়েছে ৫০০-র কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত