উখিয়ায় গাড়ি চোর সিন্ডিকেটের ৮ সদস্য আটক

আপডেট : ০৪ জুন ২০২১, ০৯:৫৫ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় গাড়ি চোর সিন্ডিকেটের ৮ জন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী।

শুক্রবার কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এ তথ্য জানান। উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাহাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করে উখিয়া থানা-পুলিশ।

সূত্র জানায়, শামসু নামের একজন প্রাইভেট কার চালক ২ জন যাত্রীসহ গত ৩১ মে ঢাকা থেকে কক্সবাজার আসছিলেন। পথিমধ্যে ওই যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই চালক শামসুর মুখ ও হাত-পা বেঁধে ফেলে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাদের সঙ্গে নির্ধারিত অবস্থানে থাকা সংঘবদ্ধ চক্রের আরও কয়েকজন সদস্য যোগ দেয়। সবাই মিলে চালককে উখিয়ার একটি পাহাড়ে নিয়ে আটকে রাখে।

চালক শামসুর মাধ্যমে ঢাকার গাড়ির মালিকের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না পেলে ড্রাইভারকে মেরে ফেলবে, গাড়ি অন্যত্র বিক্রি করে দেবে বলে হুমকি দেয় তারা।

তখন গাড়ির মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে ঘটনাটি জানান। জরুরি সেবা নম্বর কর্তৃপক্ষ উখিয়া থানাকে অপহরণের বিষয়টি জানায়। পরে অপহৃত গাড়ি ও চালককে উদ্ধারে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সন্জুর মোরশেদ, পরিদর্শক (তদন্ত) গাজী সালা উদ্দীনের এর নেতৃত্বে ৩ টি চৌকস টিম সম্ভাব্য ৩ টি জায়গায় একটানা অভিযান পরিচালনা করে।

অবশেষে উখিয়া হলদিয়া পালংয়ের পাহাড়ি এলাকার একটি বাড়ি থেকে চালককে উদ্ধার ও অপহরণ চক্রের ৮ জন সদস্যকে আটক করে। পরে তাদের দেখানো মতে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের আরেকটি জায়গা থেকে গাড়ি ও চালককে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দেশের বিভিন্ন জেলা থেকে গাড়ি ভাড়া করে কক্সবাজারে এনে এ ধরনের আরও কাজ করার কথা স্বীকার করেছে। এ ছাড়া তারা মাদক চোরাকারবারিও করে থাকে। দেশের বিভিন্ন জেলায় তাদের মাদকের সিন্ডিকেট রয়েছে। আটককৃতদের ৪ জনের নামে হত্যা, ডাকাতি ও মাদক আইনে করা মামলা বিচারাধীন রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত