খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছেন। প্রান্তিক কৃষকের কাছে প্রণোদনার সুফল পৌঁছে দিতে হবে। সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। অসাধুচক্র খাদ্যশস্য মজুদের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শুক্রবার ময়মনসিংহের খাগডহরে ‘সারা দেশে পুরনো খাদ্যগুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির মেরামত এবং নতুন অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিএসডিতে নির্মিত অফিস ভবন উদ্বোধন এবং চলমান ধান-চাল সংগ্রহ অভিযান নিয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, দেশে এ বছর পর্যাপ্ত ফসল উৎপাদন হয়েছে। কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে তিনি প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশনা দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।
এর আগে খাদ্যমন্ত্রী সিএসডির আধুনিক স্টিল সাইলো নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং নবনির্মিত সিএসডির অফিস ভবনের উদ্বোধন করেন। পরে তিনি অফিস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
