ভোলায় সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২১, ০৭:০৯ পিএম

ভোলার সদর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে বিষক্রিয়ায় আব্দুল মালেক (৪৫) ও জসিম উদ্দিন (৩৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় শাহাবুদ্দিন ও মো. কবির নামের আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে নিহত আব্দুল মালেকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল মালেক উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পন্ডিতের হাট এলাকার তজু বেপারীর ছেলে ও জসিম উদ্দিন একই এলাকার কালু মাঝির ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, সকালের দিকে আব্দুল মালেকের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে সাটারিং খুলতে নামেন রাজমিস্ত্রি জসিম উদ্দিন।

এতে জসিম উদ্দিন ভেতরের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হলে তাকে উদ্ধার করতে আব্দুল মালেক ভেতরে নামেন। তিনিও সেখানে আক্রান্ত হলে তাদের দুজনকে উদ্ধার করতে পার্শ্ববর্তী শাহাবুদ্দিন ও মো. কবির ভেতরে প্রবেশ করলে তারাও গুরুতর আহত হয়।

পরে পুলিশের একটি টিম সেখানে গিয়ে স্থানীদের সহায়তায় ট্যাংকের ভেতর থেকে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেক ও জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। শাহাবুদ্দিন ও কবিরকে হাসপাতালে ভর্তি করেন। 

ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, নিহতদের লাশ ভোলা সদর হাসপাতালে আছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত