টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সহোদর রিমান্ডে

আপডেট : ০৫ জুন ২০২১, ১০:২৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর স্ত্রীর কাছ থেকে জিনের বাদশা পরিচয়ে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্য তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গত শুক্রবার ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন সহোদর হলেন বোরহান উদ্দিন উপজেলার দেওলি শিবপুর গ্রামের আবদুর রবের তিন ছেলে মিন্টু মিয়া (৩৫), আলম (২৭) ও মিজান (২২)।

মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার গ্রেপ্তার হওয়া তিনজনকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বলে মির্জাপুর থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানিয়েছেন।

লিখিত অভিযোগ ও পুলিশ জানায়, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের স্ত্রী (৬০) দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন। সম্প্রতি তিনি ‘৪৩ ভিডিও চ্যানেল’ নামে স্থানীয় একটি ক্যাবল চ্যানেলে চিকিৎসার চটকদার বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করলে আসামিরা ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত