নরসিংদীর মাধবদীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে কুমিল্লাসহ বাংলাদেশের সর্বস্তরের হরিজন (সুইপার) সম্প্রদায় জনগোষ্ঠীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে দুই শতাধিক হরিজন সম্প্রদায় জনগোষ্ঠীর মানুষ অংশ নেন। এ সময় কল্পনা রানী বাসফোঁড় (২৫) আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কল্পনাকে প্রতিনিয়ত নির্যাতনের মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত কল্পনার বাবা মনালাল বাসফোঁড়, সিলেট হরিজন গোষ্ঠীর সভাপতি সুজন লাল, কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক নিমাই হরিজন, মৌলভীবাজার শাখার সভাপতি গোলাপ হরিজন, কুমিল্লা শাখার সভাপতি জামাল হরিজন, কল্পনার মা রিতা রানী হরিজন, মামি পূজা রানী বাসফোঁড়, কুলাউড়া শাখার সভাপতি লস্কর বাসফোঁড় প্রমুখ।
উল্লেখ্য, নির্যাতন সইতে না পেয়ে গত ৭ মে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন কল্পনা। এক দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
