আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ০৬ জুন ২০২১, ১১:০০ এএম

রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ইশরাত জাহান (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোরে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাসাটির বাথরুম থেকে ইশরাতকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইশরাত জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সংযুক্ত ছিলেন। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের মো. আলতাফ হোসেনের মেয়ে তিনি। হল বন্ধ থাকার কারণে ইশরাত ও তার এক  বান্ধবী আজিমপুর স্টাফ কোয়ার্টারের ১৮ নম্বর ভবনের নিচতলায় থাকতেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, ভোর ৫টা ১০ মিনিটে ফোনে খবর পেয়ে পলাশী ব্যারাকের স্টেশন অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে যান। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে  ফায়ার সার্ভিস কর্মীরা ইশরাত জাহানকে উদ্ধার করেন।

সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেলে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইশরাতকে মৃত ঘোষণা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

ইশরাতের লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ইশরাত জাহানের রুমমেট ও পারিবারিক সূত্রে আমরা জানতে পেরেছি যে তিনি পলাশী এলাকায় সরকারি আবাসিক কোয়ার্টারে থাকত। আজ সকালে তার রুমমেট বাথরুম বন্ধ দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দরজা কেটে ইশরাতকে বের করে। সংশ্লিষ্ট দুই থানাকে অনুরোধ করা হয়েছে, এখানে ঠিক কী ঘটেছে, তা তদন্ত করে বের করার জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত