ঝিনাইদহের কালীগঞ্জে শাহিনূর রহমান শাহীন (৩০) নামে এক গ্রিল মিস্ত্রিকে শ্বাসরোধ করে করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে কালিগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকায় একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি ওই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বটতলা পাড়ার চান মিয়ার ছেলে।
নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান শাহীনের মরাদেহ রাস্তা পাশে কলা বাগানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। ঝিনাইদহের সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, শাহীন বালিয়াডাঙ্গা বাজারে গ্রিল মেশিন বসিয়ে কাজ করতেন। রাতে বাড়িতে না আসায় সকাল থেকে খোঁজাখুঁজি করা হয়।
একপর্যায়ে বাড়ির পাশে রাস্তার উপর তার ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। পরে ওই এলাকার রনজিৎ কুমার নামের এক ব্যক্তির কলা বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে শক্ত কিছু গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শাহীনকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
