জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে নজরুলের ছবির পরিবর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করায় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’র সমালোচনা করেছেন নানা শ্রেণির মানুষ। বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার পরপরই প্রতিবাদ জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল কবির পরিবারও। পরে লিগ্যাল নোটিশও পাঠানো হয় পরিবারের পক্ষ থেকে।
এদিকে তথ্য মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে। শুধু তাই নয়, ‘রবি’র কাছে ব্যাখ্যা চেয়ে একটি নোটিশও পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়।
৬ জুন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানা স্বাক্ষরিত একটি নোটিশ পাঠানো হয়েছে ‘রবি’র ব্যবস্থাপনা পরিচালক বরাবর। ওই নোটিশে বলা হয়, ‘গত ২৫ মে, ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ‘রবি টেলিকম’ ফেসবুক পেজে একটি পোস্ট দেয়। পোস্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি না দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেয়া হয়। কবি নজরুল রচিত একটি সংগীতের কয়েকটি লাইন তুলে ধরা হয়, সেখানেও অনেক ভুল ছিল। এ রকম চরম অবমাননাকর পোস্ট দিয়ে ‘রবি টেলিকম’ বাংলা সাহিত্যের দুই কবির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ‘রবি টেলিকম’ এর এহেন কাণ্ডে ক্ষুব্ধ গোটা বাঙালি জাতি।’
নোটিশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এহেন অবমাননাকর পোস্টের বিষয়ে ৭ কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

এদিকে তথ্য মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে ধন্যবাদ জানিয়েছেন কবির নাতনি খিলখিল কাজী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশের ছবি প্রকাশ করে লিখেন, ‘বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়কে পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ । এমন একটা সময় আমাদের পাশে থাকার জন্য।’
