ছুরিকাঘাতে যুবক খুন বাবা গ্রেপ্তার

আপডেট : ০৮ জুন ২০২১, ১২:২১ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের ইমন (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। বাবার ছুরিকাঘাতে তিনি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পুলিশ ইমনের বাবা গিয়াসউদ্দিনকে (৬০) গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

শ্রীনগর থানার ওসি হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, শ্রীনগর থানার প্রধান ফটকের পশ্চিম পাশের একটি চায়ের দোকানের মালিক গিয়াসউদ্দিন। দোকানের পেছনেই তার বাড়ি। তার ছেলে মানসিক ভারসাম্যহীন ইমন প্রায় প্রতিদিনই দোকানে এসে বাবা গিয়াসউদ্দিনের কাছে বিভিন্ন বায়না ধরত। গতকাল বিকেলেও দোকানে এসে বাবার কাছে টাকা চান। টাকা না দেওয়ায় বাবার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ইমন। একপর্যায়ে তিনি বাবাকে মারধর শুরু করেন। এ সময় বাবা দোকানে থাকা লেবু কাটার ছুরি দিয়ে ছেলের বুকে আঘাত করেন। তাৎক্ষণিক ইমন দোকানের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান গিয়াসউদ্দিন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত