কৃষকের বন্ধু নির্বিষ দাঁড়াশ সাপ

আপডেট : ০৮ জুন ২০২১, ০১:৩৮ পিএম

কৃষকের অদৃশ্য বন্ধু হিসেবে কাজ করে নির্বিষ নিশাচর দাঁড়াশ সাপ। সরীসৃপ প্রজাতির এই সাপটি বাংলাদেশে দাঁড়াশ নামে সুপরিচিত হলেও এর ইংরেজি নাম Rat snake আর বৈজ্ঞানিক নাম ptvas mocosa। 

দাঁড়াশ সাপটি হালকা বাদামি ও কালো রঙ্গের হওয়ায় অনেকেই একে বিষধর গোখরো সাপ মনে করে মেরে ফেলেন।

নির্বিষ দাঁড়াশ সাপটি ইঁদুর শিকার করতে লোকালয়ের কাছাকাছি থাকে আবার অনেক সময় ইঁদুরের খোঁজে বসতবাড়িতে ঢুকে যায়। তখনই দিতে হয় প্রাণ। 

উপকারী দাঁড়াশ সাপ ধানসহ ফসলি জমির মধ্যে ইঁদুর বেশি শিকার করে। একটি দাঁড়াশ সাপ প্রায় ৩ একর এলাকায় বিচরণ করে ইঁদুর শিকার করে। সাপটির প্রিয় খাবার ইঁদুর। ফসল বিনষ্টকারী ইঁদুর খেয়ে দাঁড়াশ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। 

সাপ ক্ষতিকর, মানুষের প্রাণনাশ করে এমন আদি ধ্যানধারণা ও গ্রামীণ কুসংস্কারের কারণে সাপটি প্রায় বিলুপ্তির পথে। প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে মানুষের হাতে প্রাণ দিতে হচ্ছে উপকারী দাঁড়াশ সাপটিকে। ইকোসিস্টেমের জন্য দাঁড়াশ সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরিবেশবাদী সংগঠন জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জের সাধারণ সম্পাদক আহাদ মিয়া দেশ রূপান্তরকে বলেন, নির্বিষ দাঁড়াশ সাপ সম্পর্কে গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করার পাশাপাশি এর উপকারিতা সম্পর্কে বলতে হবে, মানুষ সচেতন হলেই নির্বিষ দাঁড়াশ সাপ আর মারবে না।

এ বিষয়ে মৌলভীবাজার বন ও জীববৈচিত্র্য কর্মকর্তা মির্জা মেহেদী সরওয়ার দেশ রূপান্তরকে বলেন, দাঁড়াশ সাপে কোনো বিষ নেই। এটি ইঁদুর মেরে কৃষকদের অনেক উপকার করে।

দাঁড়াশ সাপ পরিবেশ থেকে বিলুপ্তি হওয়া মানে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়া। যা আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দাঁড়াশ সাপ বেঁচে থাকলে কৃষকও অর্থনৈতিকভাবে লাভবান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত