হিলিতে আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে ভারতীয় ব্যবসায়ীদেরকে পত্র

আপডেট : ০৮ জুন ২০২১, ০৩:১১ পিএম

করোনার প্রভাব বিস্তার রোধে সীমিত পরিসরে ও নির্দিষ্ট সময়ের মধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে ভারতীয় ব্যবসায়ীদের পত্র দিয়েছে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।

এদিকে বুধবার বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার সকালে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে এই পত্র দেওয়া হয়।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত স্থানীয় প্রশাসনকে আশ্বস্ত করে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে বন্দর এলাকায় কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে দেশের অন্যান্য স্থলবন্দরের থেকে হিলি স্থলবন্দর সীমান্তের শূন্যরেখা হতে ১ কিলোমিটার ও লোকালয়ের মধ্যে হওয়ায় করোনার প্রভাব বিস্তার রোধে সতর্কতা স্বরূপ সীমিত পরিসরে ও নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালানো হচ্ছে।

ভারতীয় ব্যবসায়ীদের দেওয়া চিঠির প্রেক্ষিতে আমরা বন্দরের সকল আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা গতকাল রাতে একটি বৈঠক করেছি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে বন্দর দিয়ে পূর্বের ন্যায় ৫০টি করে শুকনা পণ্যসহ এর সহিত পেঁয়াজ আদা রসুন, গমের ভুসি যাহা থাকে সেগুলো প্রবেশ করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমদানি রপ্তানি চলবে যথারীতি এর পর সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো পুনরায় ভারতে ফেরত যাবে।

এছাড়াও বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও স্বাভাবিক করার জন্য আগামী ১১ জুন শুক্রবার বিকেলে সীমান্তের শূন্য রেখায় স্বাস্থ্যবিধি মেনে দুদেশের ব্যবসায়ীদের মাঝে বৈঠকের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এ বিষয়টি জানিয়ে আমাদের পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ীদের পত্র দেওয়া হয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, গতকাল রাতে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বৈঠক করে আজকে ভারতীয় ব্যবসায়ীদের পত্র দেওয়া হয়েছে। আমরা তাদেরকে যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনাই তারা রাজি হয়েছে তাতে করে আগামীকাল থেকে বন্দর দিয়ে পূর্বের নিয়মে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত