‘রুটি বানাতে বলায়’ কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট : ০৯ জুন ২০২১, ১০:২৪ পিএম

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তানিয়া আক্তার (২৪) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে মেরাদিয়া জামতলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের নাজির হোসেনের মেয়ে তানিয়া। নাজিরের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে দ্বিতীয় তানিয়া। খিলগাঁও মডেল কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী তিনি।

তানিয়ার মা মাজেদা খাতুন জানান, দুপুরে বাসায় রান্না করছিলেন তারা। তখন তানিয়া আটার রুটি বানিয়ে দিতে বলেন তাকে। একটু পর রুটি বানিয়ে দেবে বলে সে রাগ করে তার রুমে চলে যায়। পরে রুমের দরজা বন্ধ করে দেয়। একটু পর তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। তখন সন্দেহ হলে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত