মুন্সীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১১ জুন ২০২১, ১২:২১ এএম

মুন্সীগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের সীতাকুন্ডে গৃহবধূর এবং নেত্রকোনার মদনে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

মুন্সীগঞ্জ : সদর উপজেলার রামপাল ইউনিয়নের উত্তর কাজী কসবা গ্রামে নয়ন মিজি (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার বিকেলে সিপাহীপাড়া এলাকার প্রতিভা স্কুলের পেছনের কাঠবাগান নিয়ে পিটিয়ে আহত করা হয় নয়নকে। পরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নয়ন উত্তর কাজী কসবা গ্রামের মৃত আবদুল বাতেন মিজির বড় ছেলে।

নিহতের ছোট বোন পিংকি বেগম বলেন, বুধবার বিকেল ৪টার দিকে ভাই নয়ন বাড়ি থেকে বের হয়। আধা ঘণ্টা পর জানতে পারি উত্তর কাজী কসবা প্রাইমারি স্কুলের সামনে থেকে রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ ও তার সহযোগী রনি, শোভন, কাঞ্চন গংরা ভাইকে তুলে নিয়ে গেছে। পরে সিপাহীপাড়া এলাকার প্রতিভা স্কুলের কাঠবাগানে গিয়ে দেখি প্রান্তরা কাঠের ডাসা ও লোহার রড দিয়ে নয়নকে পেটাচ্ছে।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের হাঁস-মুরগি-কবুতরের ফার্ম আছে। রোজার মধ্যে প্রান্ত শেখসহ আরও কয়েকজন ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল।

সীতাকু- (চট্টগ্রাম) : সীতাকুন্ডে সোনিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার একটি ভাড়া ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার স্বামী আবুজর গিফারী (২৫) পালিয়ে গেছেন।

নেত্রকোনা : মদন উপজেলায় রিজান (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে খবর পেয়ে পুলিশ উপজেলার খাগুরিয়া এলাকায় পাটক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করে। রিজান পেশায় অটোরিকশাচালক এবং উপজেলার জাহাঙ্গীরপুর পূর্বপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত