যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার ফেডারেল বিচারপতি হিসেবে কোনো মুসলিম নিয়োগের অনুমোদন দিল সিনেট। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটিতে বিচারপতি হিসেবে জাহিদ কুরাইশিকে নিয়োগের পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ সিনেটর।
এদিন কুরাইশির নিয়োগের পক্ষে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে ভোট পড়ে ৮১টি, বিপক্ষে ছিলেন মাত্র ১৬ জন সিনেটর। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ নিশ্চিত হয় তার।
৪৬ বছর বয়সী জাহিদ কুরাইশি পাকিস্তানি অভিবাসীর সন্তান এবং সাবেক ফেডারেল ও মিলিটারি প্রসিকিউটর। তিনি ২০১৯ সালে নিউ জার্সির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। গত মার্চে কুরাইশিকে ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগের জন্য মনোনীত করেন প্রেসিডেন্ট জো বাইডেন।
সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শামার বলেন, যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, অথচ আজ পর্যন্ত কোনো মুসলিম ফেডারেল বেঞ্চে দায়িত্ব পালন করেননি। কেবল জনসংখ্যার বৈচিত্র্যই নয়, আমাদের পেশাদার বৈচিত্র্যকেও প্রসারিত করতে হবে এবং আমি জানি প্রেসিডেন্ট বাইডেন এই বিষয়ে আমার সঙ্গে একমত।
পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ ২০১৯ সালে নিউ জার্সি অঙ্গরাজ্যে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। এখন তিনি নিউ জার্সির ফেডারেল বেঞ্চে বিচারক হিসেবে নিয়োগ পেলেন। নিউ জার্সি থেকে এই প্রথম কোনো এশীয় বংশোদ্ভূত ব্যক্তি ফেডারেল কোর্টের বিচারক হলেন। জাহিদ নিউ জার্সির বিখ্যাত রাটগার্টস ইউনিভার্সিটিতে আইনে পড়াশোনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী প্রধান কাউন্সেলর হিসেবে।
