হাসপাতালের গেট বানাতে কাটা হলো ১১ গাছ

আপডেট : ১২ জুন ২০২১, ১১:২৫ পিএম

বন বিভাগের অনুমোদন ছাড়াই আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের ১১টি গাছ কেটে ফেলা হয়েছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গেট নির্মাণের নামে গতকাল শনিবার গাছ কেটে ফেলায় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে আকাশি, পাহাড়ি জাম, অর্জুন, নিম ও চালিতা।

জানা যায়, ৩১ শয্যাবিশিষ্ট আজমিরিগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় ভবন নির্মাণের কাজ পায় ওয়ার্ল্ড এন্টারপ্রাইজ কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ১৬ কোটি টাকার এই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে।  ঠিকাদারের ম্যানেজার মিরাজুল ইসলাম জানান, হাসপাতালের গেট বড় করার জন্য ঠিকাদার তাকে গাছ কাটতে বলেছেন। এছাড়া তিনি কিছুই জানেন না।  জানতে চাইলে ঠিকাদার মনিরুজ্জামান মিজান বলেন, গাছ কাটার অনুমোদন আমার নয়, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের।

ঘটনার ব্যাপারে স্বাস্থ্য প্রকৌশলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সোহেল চৌধুরীকে কল করা হলে তিনি বলেন, ঘটনাটি আমার জানা ছিল না। আগে জানতে পারলে গাছ কাটতে নিষেধ করতাম।  আজমিরিগঞ্জ হেলথ কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইকবাল হোসেন দেশ রূপান্তরকে জানান, তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন। গাছ কাটার ব্যাপারে কোনো অনুমোদন দেওয়া হয়েছে বলে তার জানা নেই। কারণ গত ২০ মে তিনি এই হাসপাতালে যোগদান করেছেন।

ডা. ইকবাল আরও বলেন, গাছ কাটার প্রয়োজন হলে বন বিভাগের অনুমোদন লাগে। সেক্ষেত্রে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও ঠিকাদার অনুমোদন নিয়েছেন বলে আমাদের দপ্তরে কোনো কাগজপত্র নেই। সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদর্শন সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও ঠিকাদার মিলে বন বিভাগের কাছ থেকে অনুমোদন নিয়ে গাছ কাটবে বলেছিল। তারা অনুমোদন নিয়েছে কি না আমি জানি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত