দিনাজপুরের পার্বতীপুরে এক ইউনিয়নে ১৯ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণে দুটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
ওই দুটি কমিটিকে আগামী ১৫ জুনের মধ্যে কৃষকদের ক্ষতিপূরণ আদায়ের জন্য বলা হয়েছে। গত ২৮ মে দেশ রূপান্তরে ‘পার্বতীপুরে পুড়ছে ফসল : এক ইউনিয়নে ১৯ ইটভাটা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এ বিষয়ে টনক নড়ে উপজেলা প্রশাসনের। গত ৮ জুন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার দুই দফা বৈঠক শেষে দুটি কমিটি গঠন করা হয়। উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক জানান, আগামী ১৫ জুনের মধ্যে ইটভাটার মালিকরা যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে বসে ক্ষতিপূরণের ব্যাপারে মীমাংসা না করেন তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
