মাদক সেবনে বাধা

যুবককে হত্যার পর পিটুনিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

আপডেট : ১৩ জুন ২০২১, ০১:৫৫ এএম

মেহেরপুরের মুজিবনগরে মাদক সেবনে বাধা দেওয়ায় কথাকাটাকাটির জেরে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতাসহ দুজন খুন হয়েছেন। গতকাল শনিবার যতারপুর যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের কাছে রাস্তার পাশে তারা খুন হন।

নিহতরা হলেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ও সবজি বিক্রেতা সাইদুর রহমান। দুজনেরই বাড়ি মুজিবনগরের যতারপুর গ্রামে।

এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুল যতারপুর যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে গাঁজা সেবন শুরু করলে সাইদুর বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে তা হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে মনিরুল তার হাতে থাকা দা দিয়ে সাইদুরকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। এ দৃশ্য দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে মনিরুলকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সাইদুরের বাবা রশিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘সকালে মাঠ থেকে সবজি কিনে বাজারে যাওয়ার কথা বলে সাইদুল বাড়ি থেকে বের হয়েছিল। দুই ঘণ্টার ব্যবধানে সেই ছেলে লাশ হয়ে ফিরল।’

আর মনিরুলের বাবা আবু ওসমান বলেন, তার ছেলে মাদক সেবন করত এটা জানা ছিল না। সকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ির বাইরে বের হয়েছিল।

মুজিবনগর থানার ওসি হাশেম আলী দেশ রূপান্তরকে বলেন, ‘গাঁজা সেবনে বাধা দেওয়ায় মনিরুল প্রথমে সাইদুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে গণধোলাইয়ে মারা যায় মনিরুল। ময়নাতদন্ত শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত