নাটোরের বড়াইগ্রামে বালুবোঝাই ড্রামট্রাকের ধাক্কায় হাসনাহেনা (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।
রবিবার সকাল দশটার দিকে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসনাহেনা গড়মাটি গ্রামের চালকল শ্রমিক আরশেদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হাসনা হেনা গড়মাটি মেসার্স রশিদ অটোরাইস মিলে কর্মরত স্বামীকে খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। চলমান যানবাহনের কারণে মিলের সামনেই তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় ঈশ^রদী থেকে নাটোরগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মহাসড়কেই মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পিছু ধাওয়া করে স্থানীয়দের সহায়তায় ধানাইদহ এলাকা থেকে ড্রামট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়।
