মাদারীপুরে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রবিবার সদর মডেল থানায় মামলটি করেন এসআই মো. খসরুজ্জামান। এজাহারে ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, সম্প্রতি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা রাজৈরে এক অনুষ্ঠানে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপির বাবা মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে সাহাবুদ্দিন মোল্লার পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন।
গত শনিবার সকালে সদর উপজেলার কলাবাড়ি এলাকায় মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় শাজাহান খান সমর্থিত কর্মীরা। একই সময় ওই স্থানে সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পক্ষে প্রতিবাদ সভার আয়োজন করে তার পক্ষের নেতাকর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে তারা পুলিশের ওপরও হামলা করে। এ ঘটনায় তিন পুলিশসহ ১৫ জন আহত হন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা ১৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।
