পুকুরের সীমানা নিয়ে দ্বন্দ্ব

অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

আপডেট : ১৪ জুন ২০২১, ০২:৫০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুকুরের সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে শাহজাহান মিয়া (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার দুপুরে উপজেলার মনিয়ন্ধ গ্রামে এ ঘটনা ঘটে। শাহজাহান ওই গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।

নিহতের জামাই মো. শফিকুল ইসলাম জানান, সকালে পুকুর পাড়ের সীমানা নিয়ে নিলাখাত গ্রামের সিরাজুল হকের ছেলে কাইয়ুম ও সোহেলের সঙ্গে শাহজাহান মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দুই ভাই বাঁশ দিয়ে তাকে পেটাতে থাকে। মাটিতে পড়ে গেলে গলা চেপে ধরা হয়। শাহজাহানের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শাহজাহানের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছে।

আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত