মাদারীপুর জমি দখলে নিতেই ভ্যানচালককে খুন, গ্রেপ্তার ৪

আপডেট : ১৪ জুন ২০২১, ০৩:৫৯ পিএম

মাদারীপুরে জমির দখল নেওয়ার জন্যই ভ্যানচালকে হত্যা করা হয়। গত ২৩ মে নামাজ শেষে বিশ্রাম নিয়ে ফেরার পথে পরিকল্পিতভাবে হত্যা করা হয় মোতাহার দর্জিকে।

ওই ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত  চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত মাসের ২৩ তারিখে রাজৈর থানাধীন মজুমদারকান্দি লিয়াকত খার পাটক্ষেত থেকে মৃত কালু দর্জির ছেলে মোতাহার দর্জির (৫০) লাশ উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সাব্বির শেখ তথ্য প্রযুক্তির ব্যবহার, তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ইলিয়াস মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই পর্যন্ত তাকে নিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামির কাছে থেকে জানা যায়, তারা ২০ হাজার টাকার বিনিময় মোতাহারকে হত্যা করেছে। হত্যার আগে ৫ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন।’

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, মোতাহার দর্জির সাথে জায়গা জমি নিয়ে অনেক দিন ধরেই মামলা মোকদ্দমা চলছিল এমারত ফরাজীর সাথে। কিন্তু জমি মোতাহার দর্জির দখলে থাকায় জমির দখল নেওয়ার জন্য এমারত ফরাজীসহ আরও তিনজন মোতাহার দর্জিকে হত্যার পরিকল্পনা করে।

পরবর্তীতে গত মে মাসের ২৩ তারিখ রাতে হত্যা করা হয় মোতাহার দর্জিকে। হত্যার ঘটনায় ও পরিকল্পনায় ৭ জন জড়িত ছিল।  বিশেষ করে জমির দখল নেওয়ার জন্যই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত