রাজস্ব ফাঁকি রোধে মোবাইল ফোন অপারেটরদের তদারকির প্রযুক্তি কিনছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এজন্য ৭৭ কোটি ৬৫ লাখ টাকার প্রযুক্তি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল বুধবার কমিটির ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির অনুমোদনের জন্য একটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১০টি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি, জ¦ালানি ও খনিজসম্পদ বিভাগের দুটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একটি, রেল মন্ত্রণালয়ের একটি, নৌ মন্ত্রণালয়ের একটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটি অনুমোদিত প্রস্তাবে অর্থের পরিমাণ ৬ হাজার ৮০৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৬ হাজার ৭১৬ কোটি ৯২ লাখ এবং দেশি ব্যাংক থেকে ঋণ ৮৭ কোটি ৬৩ লাখ টাকা। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, বিটিআরসির ‘প্রকিউরমেন্ট অব ডিজাইন, ডেভেলপমেন্ট, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব টেলিকম মনিটরিং সিস্টেম ফর দ্য টেলিকম নেটওয়ার্কস সিস্টেমস অব বাংলাদেশ’ প্রকল্পের আওতায় পণ্য ও সেবা কেনা হবে। ৭৭ কোটি ৬৫ লাখ ৩২ হাজার ৭৯৬ টাকায় কানাডার প্রতিষ্ঠান টিকেসি টেলিকম ইনকরপোরেশনের কাছ থেকে এ পণ্য ও সেবা কেনা হচ্ছে। পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন বলেন, টেলিফোন অপারেটরদের রাজস্ব আদায় সম্পর্কিত সঠিক তথ্য অনেক সময় নাও থাকতে পারে। এ মনিটরিং সিস্টেমের মাধ্যমে শতভাগ রাজস্ব আদায় সম্ভব হবে। রাজস্ব আদায়ের অনিয়ম রোধে এ তদারকি ব্যবস্থা চালু হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া পেট্রোবাংলা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩১৩ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৬৮০ টাকা। অতিরিক্ত সচিব জানান, পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ১২ লাখ ৩৫ হাজার টন পরিশোধিত জ¦ালানি তেল ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকায় আমদানি করবে। পাঁচটি প্যাকেজের আওতায় সিঙ্গাপুরের চার প্রতিষ্ঠানের কাছ থেকে এ তেল আমদানি হবে। এছাড়া জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) জন্য রিফর্মড গ্যাস ওয়েস্ট হিট বয়লার প্রস্তুতকারী প্রতিষ্ঠান জার্মানির বরসিজ প্রসেস হিট এক্সচেঞ্জারের কাছে থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বয়লার কেনার নীতিগত অনুমোদন হয়েছে।
