চট্টগ্রামে করোনাভাইরাসে দুই রোগীর মৃত্যু এবং নতুন করে ১৬৯ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ১৪ দশমিক ৪৪ শতাংশ। একই সময়ে সুস্থ হয়ে ওঠেন ২৭২ জন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টের তথ্য অনুযায়ী, নগরীর নয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল বুধবার ১ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১৬৯ জনের মধ্যে শহরের ১১৭ জন এবং নয় উপজেলার ৫২ জন।
জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ৫৫ হাজার ৪৬৬ জন।
সংক্রমিতদের মধ্যে ৪৩ হাজার ৮০৮ জন শহরের ও ১১ হাজার ৬৫৮ জন গ্রামের। উপজেলায় আক্রান্তদের মাঝে হাটহাজারীতে ১১, সীতাকুন্ডে ১০, রাউজানে ৯, বোয়ালখালীতে ৮, ফটিকছড়ি ও মিরসরাইয়ে ৫ জন করে, বাঁশখালীতে ২ জন এবং পটিয়া ও রাঙ্গুনিয়ায় ১ জন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় শহর ও গ্রামের একজন করে মারা যান।
জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৬৫০ জন হয়েছে। এর মধ্যে ৪৫৫ জন শহরের ও ১৯৫ জন গ্রামের। সুস্থতার ছাড়পত্র দেয়া হয় ২৭৩ জনকে।
