বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

আপডেট : ১৭ জুন ২০২১, ০৪:২৩ পিএম

নারায়ণগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে বাবার সাথে ঘুরতে বের হয়ে ট্রাক চাপায় আব্দুল্লাহ আল স্বাদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় শাসনগাও বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল স্বাদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার বাটি চন্দ্রপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ইটবাহী ট্রাক আটক করে এবং ট্রাকের শ্রমিক সোহাগ (৩০) কে আটক করে। পরে দুপুর ১২টার সময় পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক ও শ্রমিক সোহাগকে আটক করে নিয়ে যায়।

নিহত স্বাদের বাবা ওমর ফারুক জানান, সপরিবারে শ্বশুর বাড়ি ফতুল্লার পুলিশ লাইনস্থ রহমান গার্মেন্টস সংলগ্ন বাড়িতে বেড়াতে আসেন ওমর ফারুক। ছেলে স্বাদকে নিয়ে রিকশাযোগে ঘুরতে বের হন তিনি।

শাসনগাও বনশ্রী এলাকায় আসলে বক্তাবলীমুখী ইটবাহী ট্রাক যার নং-(ঢাকা-ট-১৯৯৮) রিকশা চাপা দিলে রিকশা থেকে ছিটকে স্বাদ ট্রাকের চাকার নিচে পড়ে মস্তক আলাদা হয়ে যায় এবং ঘটনাস্থলে মারা যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মিনারুল ইসলাম জানান, ট্রাক চাপায় শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটিকে আটক করা হয় এবং ট্রাকে থাকা লেবার সোহাগকে (জনতা আটক করা রাখা) আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।

তিনি জানান, শিশুর লাশটি আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন বাচ্চার নানার বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তসহ আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত