মাধবদীতে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ

সাবেক কমিশনারসহ ২ জন গুলিবিদ্ধ, আহত ৫

আপডেট : ১৭ জুন ২০২১, ১০:৪৩ পিএম

নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় মাধবদী পৌরসভার সাবেক কমিশনারসহ দুজন গুলিবিদ্ধ ও পাঁচজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় পৌরসভার সাবেক কমিশনার জাকারিয়াকে পাঠানো হয়েছে ঢাকায়। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাধবদী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়েছেন মাধবদী পৌরসভার সাবেক কমিশনার ও সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া (৩৯) ও মাধবদীর নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আবুল কালাম (৩০)।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, দলের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে বুধবার বিকেলে মাধবদী শহরের রমনি কমিউনিটি সেন্টারে নবগঠিত থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির এক সভা হয়। ওই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সেখানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন ও পুলিশ জানান, বুধবার বিকেলে মাধবদীর রমনি কমিউনিটি সেন্টারে মাধবদী থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মিটিং চলাকালে মাধবদী পৌরসভার মেয়র হাজি মোশারফ হোসেন প্রধান মানিক মিটিংয়ে উপস্থিত হন। ওই মিটিংয়ে মেয়রকে কেন দাওয়াত দেওয়া হয়নি তা নিয়ে উপস্থিত নেতাদের সঙ্গে বাগ্বিতন্ডা হয়। এ নিয়ে দুপক্ষের সমর্থকরা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়।

মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, মিটিংয়ে দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে পৌরসভার মেয়রের সঙ্গে আনোয়ার কমিশনারসহ স্থানীয় নেতাদের কথা-কাটাকাটির পর এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত