নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইকটি নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১টায় ফতুল্লার পিলকুনি এলাকায় মোল্লা বাড়ি জামে মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের গলা, বুক ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আবদুর রাজ্জাক জানান, নিহতের পকেট থেকে একটি মোবাইল পাওয়া গেছে। সেই মোবাইলের একটি নাম্বারে ফোন করলে নিহতের নাম আনোয়ার হোসেন (৪০), বাবার নাম আবুল হাশেম মজুমদার এবং গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার আশ্রাবপুর এলাকায় বলে জানা যায়। তবে এ নাম-ঠিকানা সঠিক কি না তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, অন্য এক ইজিবাইক চালক দেখেছেন রাত ১২টায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে লিংক রোড থেকে ২০-২৫ বছরের দুজন যুবক আনোয়ারের ইজিবাইক ভাড়া করে তক্কার মাঠের দিকে যাচ্ছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, মোবাইল ফোনের সূত্র ধরে তার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
