নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সংযোগ সড়ক সংস্কার এবং সাতাশী বাজার থেকে কলমাকান্দা নাজিরপুর ইউনিয়নে যাতায়াতের রাস্তায় মধুয়াকোনা খালে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের সাতাশী বাজারে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করে।
ঘণ্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য দেন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউপির চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, চন্ডিগড় ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নির্মাণ শেষ না হতেই নতুন করে অসংখ্য জায়গায় খানাখন্দসহ সড়কটি ভয়ানক দশায় পরিণত হয়েছে। অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যাতায়াতসহ নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
রাস্তা সংস্কার নিয়ে দুর্গাপুরে এলজিইডির উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কাজ ও এলাকাবাসীর নানা অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের কাজ বাতিল করা হয়েছে। নতুন করে দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন।
