কোরবানির পশুর হাটে থাকবে ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ১৮ জুন ২০২১, ০১:৪১ এএম

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কোরবানির পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। হাটে প্রবেশ এবং বের হওয়ার পথ থাকবে ভিন্ন।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ‘যেহেতু করোনা পরিস্থিতি, তাই হাটগুলোতে যাতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি পরিপালন করা হয়, সে জন্য আমরা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।’

নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে এদিন আজিমপুর, বঙ্গভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান মেয়র তাপস।‌ এ সময় তিনি পুরোনো পলাশী এলাকায় একটি অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন করেন।

মেয়র তাপস বলেন, ‘আমরা ওয়ার্ডভিত্তিক এসটিএস নির্মাণ করছি, যার মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডের বর্জ্যগুলো এখানেই সংগৃহীত হবে এবং এখান থেকে বর্জ্যগুলো মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে চলে যাবে। সুতরাং ঢাকা শহরকে সম্পূর্ণরূপে উন্মুক্ত স্থানের বর্জ্য থেকে আমরা মুক্ত রাখতে পারব।’

পরে ঢাদসিক মেয়র নগরীর আজিমপুর ও বঙ্গভবনের দক্ষিণ-পশ্চিম পাশে জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রম, ২৫ নম্বর ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানকেন্দ্র নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের মুসা খাঁ ও ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিস্থল পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত