করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকালে মধুপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। কিছুদিন চিকিৎসা নিয়ে চিকিৎসা শেষ না করেই তিনি বাড়ি ফিরে আসেন।
পরে বৃহস্পতিবার রাতে নজরুল ইসলামের শ্বাসকষ্ট শুরু হয়। মধুপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে ৪৩ দশমিক ২৮ ভাগে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৩৫টি নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭০ জনে। আর এখন পর্যন্ত মারা গেছেন ৯৭ জন।
