খুলনা করোনা হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
শুক্রবার সকালে এসব তথ্য দিয়েছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
এদিকে খুমেক পিসিআর ল্যাবে ৫৬২ জনের নমুনা পরীক্ষায় এক দিনে ২২২ জনের করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৫১ জন, বাগেরহাট ৪২ জন, যশোরের ১৪ জন, সাতক্ষীরার ৭ জন, ঝিনাইদহের ১ জন, নড়াইলের ৫ জন, পিরোজপুরের ১ জন ও বরিশাল জেলার ১ জন রয়েছেন।
খুমেক পিসিআর ল্যাবের মোট নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৫০ শতাংশ।
