কালি ও কলম পুরস্কার তুলে দেয়া হলো চার লেখকের হাতে

আপডেট : ১৮ জুন ২০২১, ০৯:১০ পিএম

সৃজনশীল চার তরুণ লেখকের হাতে তুলে দেওয়া হয়েছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’।

এ বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন মোজাফফর হোসেন, ইজাজ আহমেদ মিলন, রণজিৎ সরকার ও মাসুদ পারভেজ। লেখকদের প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়

শুক্রবার এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি একযোগে কালি ও কলম এবং আইএফআইসি ব্যাংকের ফেইসবুক পেইজে দেখানো হয়েছে।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং প্রয়াত কালি ও কলম সম্পাদক আবুল হাসনাতকে স্মরণ করে দুটি ভিডিওচিত্র দেখানো ও কবিতা আবৃত্তির মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর  বিচারকমণ্ডলীর পক্ষ থেকে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে  প্রকাশ করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ এবং পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পবিত্র সরকার।

মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য শাখায় ‘১৯৭১: বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং’ গ্রন্থের জন্য ইজাজ আহমেদ মিলন, কথাসাহিত্যে ‘তিমিরযাত্রা’ গ্রন্থের জন্য মোজাফফর হোসেন, গবেষণায় ‘চলচ্চিত্রনামা’ গ্রন্থের জন্য মাসুদ পারভেজ ও শিশু-কিশোর সাহিত্যে ‘স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল’ গ্রন্থের জন্য রণজিৎ সরকার এ পুরস্কার অর্জন করেন। এবার কবিতা বিভাগে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ জমা না পড়ায় শুধু চার শাখায় পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন দেখা গেছে পূর্বের সকল কালি ও কলম পুরস্কারপ্রাপ্ত লেখকরা তাদের পরবর্তী কাজগুলো দিয়ে আরও সফল এবং পরিণত হয়েছে, আশা করি আপনারাও সেই ধারা অব্যাহত রাখবেন।

অধ্যাপক পবিত্র সরকার বলেন, আমাদের জীবনের মুহূর্তগুলোকে মূল্যবান করে তোলার জন্য সকল সাহিত্যিক কাজ করে যাচ্ছেন, তাই তাদের ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই কালি ও কলমের মতন সেই সব প্রতিষ্ঠানকে যারা এসব সাহিত্যচর্চাকে প্রতিনিয়ত নানাভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইএফআইসি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার। সবশেষে সংগীতশিল্পী অদিতি মহসিনের সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজন শেষ হয়। আয়োজনটি সঞ্চালনা করেন ত্রপা মজুমদার ও লুভা নাহিদ চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত