২৩ জুন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কারিগর বিএনপি : কাদের

আপডেট : ১৯ জুন ২০২১, ০১:৫৫ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। গতকাল শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে। কিন্তু বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে।’

তিনি বলেন, ‘প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপির হাতে এই দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তাদের রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ংকর।’

২৩ জুন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওবায়দুল কাদের দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ জুন সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তেলন করা হবে। একই দিন সকাল ৯টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বেলা ৩টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভা। সভায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইর পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হবে এবং বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মহামারী করোনার কারণে যথাযথভাবে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছি না। ঘরোয়াভাবে সীমিত আকারে অনুষ্ঠান কাটছাট করতে হয়েছে।’ আওয়ামী লীগের সবপর্যায়ের শাখা সংগঠনগুলো বিশেষ করে মহানগর, জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ডের সংগঠনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত