বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

আপডেট : ১৯ জুন ২০২১, ০২:২২ পিএম

বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার মহাস্থান ব্রিজের কাছে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হন।

নিহতরা হলেন- আশরাফ আলী (৫০), তার স্ত্রী পারুল বেগম (৪৫) ও তাদের দুই মাস বয়সী নাতি রেজোয়ান। এ ঘটনায় শিশুটির মা গোলাপ নুর বেগমসহ দুইজন আহত হয়েছেন।

দমকল বাহিনীর সদস্য ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বগুড়া সদরের বারপুর মধ্যপাড়া এলাকার আশরাফ আলী পরিবারের সদস্যদের নিয়ে বগুড়ার শিবগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তাদের নাতি রেজোয়ান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন।

পথে সকাল ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার হাতিবান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা আহসান পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আশরাফ আলী দম্পতি মারা যান।

পুলিশ ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পথে শিশু রেজোয়ান মারা যায়। হাইওয়ে পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। আহত দু’ জন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাজার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে পুলিশের অনুমতিতে নিহত তিনজনের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত