সুন্দরবনে মাছ শিকারের সময় ১০ ট্রলার জব্দ

আপডেট : ২২ জুন ২০২১, ০৯:৫১ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন ও পশুর নদীতে মাছের পোনা শিকারের দায়ে ১৬ সেট জালসহ ১০টি ট্রলার জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে সুন্দরবনের শিকার নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মো. এনামুল হক জানান, ওই ১০টি ট্রলারের বিরুদ্ধে বন আইনে সিওআর (আর্থিক দন্ড) মামলা করা হয়েছে। এ সময় জব্দ করা ১৬ সেট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

এসিএফ এনামুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের নন্দবালা ফরেস্ট ক্যাম্প সংলগ্ন শিকার নিষিদ্ধ এলাকা ও পশুর নদীতে অভিযান চালিয়ে ১০টি ট্রলারসহ চিংড়ির পোনা এবং ১৬ সেট জাল জব্দ করা হয়। তবে এ সময় জেলেরা পালিয়ে যান।

এসিএফ আরও বলেন, পোনাগুলো বনের হাড়বাড়িয়া ক্যাম্পের ওসি মো. শাহজাহানের কাছে হস্তান্তর করার পর তিনি অবমুক্ত করেছেন। ওসি শাজাহান বলেন, পোনা অবমুক্ত করার সময় এসিএফ উপস্থিত ছিলেন। তবে এসিএফ এনামুল বলেন, আমি ছিলাম না। পূর্ব সুন্দরবনের ডিএফও (বিভাগীয় বন কর্মকর্তা) মোহাম্মদ বেলায়েত হোসেন এ প্রসঙ্গে বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত