কক্সবাজারের টেকনাফে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার্জশিটভুক্ত ও পলাতক আসামি কনস্টেবল সাগর দেবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ২৭ জুন জামিন শুনানির আদেশ দেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান টেকনাফ থানার সাবেক এই কনস্টেবল। এ সময় আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৭ জুন জামিন শুনানির দিন ধার্য করেন।
অন্যদিকে, একই মামলায় আগামী ২৭ জুন পুলিশের সাবেক কনস্টেবল রুবেল শর্মার জামিন শুনানির দিন এবং মামলার চার্জ গঠনের নির্ধারিত ধার্য তারিখে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, টেকনাফ থানার সাবেক কনস্টেবল সাগর মেজর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি পলাতক ছিলেন।
আজ দুপুরে আদালতে জামিন শুনানির আবেদন করলে আদালত জামিন নামন্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৭ জুন জামিন শুনানির দিন ধার্য করেন।
গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।
এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জন পুলিশ সদস্যকে আসামি করা হয়। আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন র্যাবকে।
এরপর গত ৬ আগস্ট প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।
পরবর্তীতে সিনহা হত্যার ঘটনায় জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ায় অভিযোগে পুলিশের দায়ের মামলার ৩ জন সাক্ষী এবং শামলাপুর চেকপোস্টের দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৩ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
এ ছাড়া একই অভিযোগে পরে গ্রেপ্তার করা হয় টেকনাফ থানা-পুলিশের সাবেক সদস্য কনস্টেবল রুবেল শর্মাকেও। মামলায় গ্রেপ্তারকৃত ১৪ আসামিদের র্যাবের তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
এদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া ১২ জন আসামি আদালতে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় নতুন করে সাগর দেবকে আসামি করা হয়েছে।
তিনি ওসি প্রদীপের বিশেষ সহকারীর মতো ছিলেন তার সকল কর্মক্ষেত্রে।
