সাতক্ষীরায় লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ

আপডেট : ২৪ জুন ২০২১, ০৮:১৮ পিএম

সাতক্ষীরায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলায় জেলা প্রশাসনের করোনা প্রতিরোধ কমিটি’র ভার্চুয়াল সভা থেকে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার পর করোনা প্রতিরোধ কমিটি’র ভার্চুয়াল সভা শেষে সকলের সম্মতিতে তৃতীয় সপ্তাহ শেষে চতুর্থ সপ্তাহের জন্য আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে জেলায় তিন নারীসহ আরও ৯ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতালে ৮ জন ও শহরের একটি বেসরকারি ক্লিনিকে একজন মারা গেছে।

এ নিয়ে গত মাত্র তিন দিনের ব্যবধানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনসহ মোট ২৬ জনের মৃত্যু হল।

সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, লকডাউন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। পুলিশ লকডাউন বাস্তবায়নে অনেক বেশি কাজ করে যাচ্ছে। যারা কাজ করে বেশি তাদের ভুল হয় বেশি। জেলাবাসীকে নিরাপদ রাখতে, সংক্রমণের হার ও মৃত্যু ঠেকাতে পুলিশকে সহায়তা করতে হবে। কথা নয় এখন কাজ দরকার বেশি বেশি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করো আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে জেলার ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ৩৭ দশমিক ২২ শতাংশ। সংক্রমণের হার আগের দিনের তুলনা প্রায় ১০ শতাংশ বেড়েছে। মঙ্গলবার (২২জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত করোনা পজিটিভে জেলায় ৬৭ জনের মৃত্যু হয়েছে। উপসর্গে মৃত্যু হয়েছে ২৯৭ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত