কৃষিপণ্য ও মৌসুমি ফলের ওপর জেলা পরিষদ, বাজার ফান্ড, পৌরসভার অতিরিক্ত টোল আদায় বন্ধ ও পরিবহন এবং কুরিয়ার সার্ভিসে মাত্রাতিরিক্ত চার্জ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতি ও মারমা ফলদ বাগান মালিক সমিতিসহ কয়েকটি সংগঠন।
গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন হয়। মানববন্ধনে মারমা ফলদ বাগান মালিক সমিতির সভাপতি সাবেক কমিশনার আবুশি মারমার সভাপতিত্বে বক্তব্য দেন খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতির প্রধান উপদেষ্টা অনিমেষ চাকমা রিংকু, উপদেষ্টা অ্যাডভোকেট সুপাল চাকমা, সাধারণ সম্পাদক দিবাকর চাকমা, মারমা ফলদ বাগান বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুশি চৌধুরী, খাগড়াছড়ি বাজার ফল ব্যবসায়ী সমিতির সদস্য এরশাদ উল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য এ জেলায় কাঁচামাল সংরক্ষণের জন্য নেই কোনো হিমাগার। অন্য জেলার তুলনায় খাগড়াছড়িতে কৃষিপণ্যে মাত্রাতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এতে করে ব্যবসায়ের বিপণন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন অন্যদিকে ভোক্তারাও বেশি দামে ক্রয় করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা।
