স্বাস্থ্যবিধি অমান্য করায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার চূড়াইন ইউনিয়নের গোবিন্দপুর বাজারে অভিযান পরিচালনা করে আটজনকে জরিমানা করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল। মাস্ক না পরার অপরাধে ও স্বাস্থ্যবিধি অমান্য করে অবাধে চলাফেরার কারণে আটজনকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সহযোগিতা করে নবাবগঞ্জ থানা পুলিশ।
অন্যদিকে করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় পাশর্^বর্তী দোহারে আরও ১৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
দুপুরে দোহার উপজেলার মুকসুদপুর, নারিশা, মেঘুলা ও দোহার থানার মোড়সহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১৬ জনকে জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়।
