ইজিবাইকে রোগী নিতে গিয়ে সড়কে প্রাণ গেল প্রবাসীর

আপডেট : ২৬ জুন ২০২১, ০২:২৯ এএম

দীর্ঘদিন সৌদি আরব ছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের সিরাজ মিয়া (৩৫)। করোনার মধ্যে ফিরেছিলেন দেশে। আবার যাওয়ার পরিকল্পনা ছিল কিছু দিনের মধ্যেই। কিন্তু সড়ক দুর্ঘটনায় প্রবাসী সিরাজ চলে গেলেন না ফেরার দেশে। গতকাল শুক্রবার ফেনীর দাগনভূঞা উপজেলার আলমপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে মারা যান তিনি। এদিকে একই দিন আরেকটি ইজিবাইক দুর্ঘটনায় গাজীপুরের শ্রীপুরে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে পটুয়াখালীর দুমকিতে আরেক দুর্ঘটনায় হাত হারিয়েছেন এক যুবক। ওই যুবকও একটি ইজিবাইকের যাত্রী ছিলেন। 

দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি জানিয়েছেন, সিরাজ মিয়া চরকাঁকড়া গ্রামের মৃত ছাইদুল হকের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সিরাজ মিয়া তার এক বন্ধুর অসুস্থ মেয়েকে বসুরহাট থেকে ইজিবাইকে ফেনী শহরে নেওয়ার পথে গতকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  ইজিবাইকটি ফেনী-নোয়াখালী সড়কের আলমপুর রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটানোর চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দেয়। তখন সিরাজ মিয়া ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীরা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত যুবকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে গাজীপুর প্রতিনিধি জানিয়েছন, জেলার শ্রীপুর উপজেলায় লরি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার তারাকান্দি গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। শ্রীপুর থানার এসআই প্রদীপ কুমার জানান, ওই দুর্ঘটনায় আহত হয়েছেন। 

দেশ রূপান্তরের পটুয়াখালীর দুমকি প্রতিনিধি জানিয়েছেন, ইজিবাইক ও ‘মাহিন্দ্রার’ মুখোমুখি সংঘর্ষে ইমরান (২০) নামে এক যুবকের ডান হাতের কবজিসহ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারসংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটে। ইমরান বাউফল উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। পুলিশ মাহিন্দ্রাটি জব্দ করেছে এবং বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করেছে। মাহিন্দ্রার চালক পলাতক রয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত