নবনিযুক্ত সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেনাবাহিনীপ্রধান বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত শেষে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মন্তব্য লেখেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, টুঙ্গিপাড়া যাওয়ার আগে সেনাবাহিনীপ্রধান গতকাল ঢাকাস্থ ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু স্মৃতিসৌধ জাদুঘর পরিদর্শন করেন। তিনি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেনাবাহিনীপ্রধান বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
আইএসপিআর আরও জানায়, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন। এ সময় বিউগলের সুরে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেখানেও তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
জেনারেল শফিউদ্দিন আহমেদ গত বৃহস্পতিবার সেনাবাহিনীপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
