কালিহাতীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

আপডেট : ২৭ জুন ২০২১, ১০:৫০ এএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন হেলপার।

রবিবার ভোরে মহাসড়কের কালিহাতী উপজেলার পাথাইলকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত রমজান আলী (২৫) ও আহত নাদিম (২২) ময়মনসিংহের গৌরীপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা আম ভর্তি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২০-৭১০৮) ঢাকার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে পিকআপটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাকের (বগুড়া মেট্রো-ট ১১-১১৮৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই পিকআপটির চালক রমজান আলী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হেলপার নাদিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলি সরিয়ে নিলে সকাল সাড়ে নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত