ঝালকাঠির রাজাপুরে মো. অন্তু মাতুব্বর (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত এগারোটার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের শাহ মিয়ার হাট এলাকায় নিজ শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অন্তু নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার মো. শুক্কুর মাতুব্বরের ছেলে এবং উপজেলার শাহ মিয়ার হাট এলাকার শরীফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, ৬/৭ মাস পূর্বে অন্তু ঢাকা থেকে এখানে এসে স্থানীয় সুমন শরীফের ওয়ার্কশপে কাজ শুরু করেন এবং ওয়ার্কশপের পাশেই একটি কক্ষেই রাতে থাকতেন। ঘটনার দিন শনিবার রাত আনুমানিক নয়টার দিকে অন্তুকে ফোনে না পেয়ে খুঁজতে খুঁজতে তার শয়ন কক্ষে যান ওয়ার্কশপের মালিক সুমন শরীফ।
এ সময় অন্তুকে ঘরের আড়ার সঙ্গে বিছানার চাদর জড়িয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে ডাকচিৎকার দেন তিনি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত এগারোটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে আজ রবিবার সকালে ময়নাতদন্তে লাশ ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
