সিলেটে করোনায় আরো পাঁচজনের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২১, ০৮:৪২ পিএম

সিলেট বিভাগে শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৬৭। 

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে আরো ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্তকৃত ৯৯ জনসহ সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২৫ হাজার ২৮ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৫৬৬, সুনামগঞ্জে ২ হাজার ৯৪৩, হবিগঞ্জে ২ হাজার ৬৪১ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৮৭৮ জন। নতুন শনাক্ত হওয়া ৯৯ জনের মধ্যে ৫৯ জনই সিলেট জেলার বাসিন্দা। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী পাঁচজনের মধ্যে তিনজন সিলেট জেলার, একজন সুনামগঞ্জের ও আরেকজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ৩২৯ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত