মগবাজারের ওয়্যারলেস গেটে বিস্ফোরণে আহত হয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা এখনো খুবই আশঙ্কাজনক।
তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
সোমবার সকাল ১০টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, গতকাল (রবিবার) যেই ১৭ জন রোগী আমাদের এখানে এসেছিল, তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আরেকজন চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।
সামন্ত লাল বলেন, বাকিদের মধ্যে মোট পাঁচজনকে ভর্তি রাখা হয়। এদের তিনজনের ৯০ শতাংশ করে দগ্ধ ছিল। তাদের দুজনকে আইসিইউতে আর একজনকে এই এইসডিইউতে রাখা হয়েছে। বাকি দুজনকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
তিনি বলেন, এছাড়া অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরে কাটাছেঁড়া ছিল।
মৃতদেহ তিনটি আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান সামন্ত লাল।
এদিকে মৃতদেহ দাফন-কাফনের জন্য স্বজনদের ২০ হাজার টাকা করে সহযোগিতা করেছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম সকালে নিহতের স্বজনদের হাতে এই টাকা তুলে দেন।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে। বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে ৩৮ জন চিকিৎসা নিয়েছে।
জেলা প্রশাসক বলেন, যারা মারা গেছেন তাদের দাফনের জন্য ২০ হাজার টাকা আর আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে সহায়তা করা হচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে চলে যাওয়ার কারণে আহতদের অনেককেই এখন খুঁজে পাচ্ছি না। তাদের খুঁজে বের করে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
