চাঁদা না দেয়ায় সাভারের আশুলিয়ায় ছুরিকাঘাতে দ্বীন ইসলাম রকি নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক আম্পায়ার আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট হক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আম্পায়ার রকি বিসিবির সিকিউরিটি বোর্ডেরও সদস্য।
রকির স্বজনরা জানান, কয়দিন আগে চাঁদা না দেওয়ায় বাড়ির কাজে বাধা সংক্রান্ত একটি ঘটনায় রকির বাবা থানায় অভিযোগ করেন।
রবিবার দুপুরে পুলিশ তদন্তে করতে বাসায় আসে। পরে পুলিশ চলে গেলে সন্ধ্যার দিকে বাড়ির পাশের রাস্তায় রকি হাঁটছিলেন। এমন সময় ৩/৪ জনের একটি দল তার ওপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে।
রকিকে উদ্ধার করে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদা না দেওয়ায় বাড়ির কাজে বাধা দেওয়ার ঘটনায় রকির বাবা সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিয়ার রহমান গত ২৫ জুন থানায় অভিযোগ করেছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ গাজীরচট হক মার্কেট এলাকায় চার শতাংশ জমির উপর পাঁচ তলা বাড়ির নির্মাণ কাজ চলছে। অনেক দিন ধরে স্থানীয় শফিকুল ইসলাম ও তার সঙ্গী আনিছ আহমেদ বাড়িটি দখলের পাঁয়তারা করে আসছেন।
দখল করতে না পেরে গত ২৪ জুন সন্ধ্যায় শফিক ও আনিসসহ কয়েকজন ওই বাড়িতে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এ সময় রকি এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রকিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির কাজ বন্ধ রাখতে শাসিয়ে যান তারা।
অভিযোগের তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক দেশ রূপান্তরকে বলেন, কয়েকদিন আগে বিসিবির আম্পায়ারের বাবা একটি অভিযোগ করেছেন। পরে আমি ঘটনাস্থলে তদন্তে গিয়েছিলাম। সে সময় উভয় পক্ষ জানায় তারা স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করবেন। পরে আমরা ঘটনাস্থল থেকে চলে আসি। এরপর গতকাল সন্ধ্যায় অভিযোগকারীর ছেলের ওপর হামলা হয়।
এ ঘটনায় গতকাল রাতে আরও একটা অভিযোগ হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।
