ঢাকার আশুলিয়ায় মসজিদের খাদেম নজরুলের পায়ের রগ কাটা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং রাকিব গ্রুপের প্রধান রাকিব হোসেন ও তার সহযোগী ইমন হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, দুটি ফোল্ডিং চাকু, চাপাতি ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার ভোরে সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়ার নাল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, কিশোর গ্যাংয়ের হাতে যেসব অস্ত্র আসছে সেগুলো দেশের সীমান্ত দিয়ে প্রবেশ করছে। সিন্ডিকেটের মাধ্যমে এসব অস্ত্র সংগ্রহ করছে তারা।
র্যাব জানায়, গত ২৪ মে আশুলিয়ার নাল্লাপাড়া এলাকায় মসজিদের খাদেম নজরুল ইসলামকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক বলেন, আশুলিয়ার একটি মসজিদের খাদেম নজরুল এক নারীর কাছ দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা দিতে দেরি হওয়ায় দুজনের মধ্যে বিরোধ হয়। এতে খাদেম নজরুলকে ডেকে হুমকি দেয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী নজরুল আশুলিয়া থানায় একটি অভিযোগের পর আদালতে মামলা করেন। মামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই নারী আলিম নামে একজনকে দিয়ে নজরুলকে শায়েস্তা করতে ঠিক করেন। পরে আলিম তার কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে নজরুলকে কুপিয়ে জখম করে। এরপর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় বেশ কয়েক দিন ধরে পালিয়েও থাকে তারা। এলাকাবাসী দোষীদের গ্রেপ্তারে মানববন্ধন করে। সবশেষ সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
র্যাব-৪ এর অধিনায়ক বলেন, গ্রেপ্তার রাকিব ও ইমনের নেতৃত্বে ১০/১২ জনের কিশোর গ্যাং গ্রুপ সাভার ও আশুলিয়া এলাকায় ইভটিজিং, ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল। প্রধান অভিযুক্ত আলিমকে গ্রেপ্তারে র্যাবের অভিযান চলছে।
