রাজধানীর যাত্রাবাড়ী থেকে কিশোর গ্যাং অনিক-শাকিব গ্রুপের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করেছে র্যাব-৩।
আটককৃতরা হলো- অনিক, শাকিব, সাব্বির হোসেন, আমল ইসলাম ওরফে সাহিল ও রবিন। তাদের কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি স্টিলের ব্যাটন, তিনটি মেটাল চেইন ও তিনটি বক্সিং পাঞ্চার জব্দ করা হয়েছে।
সোমবার র্যাব-৩ এর স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করত। এছাড়াও তারা মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজি ও বাস যাত্রীদের টার্গেট করে ব্যাগ ও পার্টস ছিনতাই করত।
