সাবেক মেয়র খোকন ও তার পরিবারের ৮ ব্যাংক হিসাব জব্দ

আপডেট : ২৯ জুন ২০২১, ০৩:২৭ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের ৮টি ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজ) নির্দেশ দিয়েছে আদালত। দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদ রবিবার ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আবেদন করলে আদালত আবেদনটি মঞ্জুর করে। যে ৮টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে সাঈদ খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের তিনটি অ্যাকাউন্ট রয়েছে। এ ছাড়া তার মা ফাতেমা হানিফের একটি, বোন শাহানা হানিফের দুটি ও স্ত্রী ফারহানা আলমের দুটি অ্যাকাউন্ট রয়েছে। 

সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠান হচ্ছে সাঈদ খোকন প্রপার্টিজ লিমিটেড, ফোর এ (প্রাইভেট) লিমিটেড এবং মেসার্স এস অ্যান্ড এস করপোরেশন। এই তিনটি প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব রয়েছে  রাজধানীর বনানীর ১০ নম্বর রোড ও ১১ নম্বর রোডে সিটি ব্যাংকের দুটি শাখায়। এ ছাড়া সাঈদ খোকনের মা ফাতেমা হানিফের ব্যাংক এশিয়ার বনানী ১১ নম্বর রোডের শাখার হিসাব, বোন শাহানা হানিফের সিটি ব্যাংকের বনানী শাখার হিসাব ও এক্সিম ব্যাংকের হিসাব এবং স্ত্রী ফারহানা আলমের এক্সিম ব্যাংক ও সিটি ব্যাংকের বনানী শাখার দুটি হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের করা আবেদনে বলা হয়, ওই ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে। অভিযোগটি সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবগুলো থেকে যেন অর্থ উত্তোলন বা হস্তান্তর করা না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে ব্যাংক হিসাবগুলো জরুরি ভিত্তিতে ফ্রিজ করা প্রয়োজন। আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা ওই ব্যাংক হিসাবের অর্থ স্থানান্তর করতে চেষ্টা করেছেন; যা তদন্তে উঠে এসেছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব অর্থ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হবে।

এ বিষয়ে জানতে চাইলে গতকাল সোমবার রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন দেশ রূপান্তরকে বলেন, ‘বিষয়টি আমি বিভিন্ন মাধ্যমে জেনেছি। যেহেতু আদালতের কপি এখনো পায়নি তাই কোনো মন্তব্য করতে পারছি না। আদেশের কপি পেলে আনুষ্ঠানিক মন্তব্য করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত