বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে তিন হাসপাতালে দুই নারীসহ ৮ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তাদের মধ্যে বগুড়ার ৫ জন এবং অন্য ৩ জন পার্শ্ববর্তী জেলার বাসিন্দা। এই নিয়ে গেল ৪৮ ঘণ্টায় করোনায় ১৫ জন মারা গেলেন।
গত ২৪ ঘণ্টায় মৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার নুর বানু (৪৫), সুরেশ চন্দ্র (৬৫), অতুল দেবনাথ (৬০), শাহনাজ পারভীন (৪০) ও গৌর চরণ (৬৭), নাটোরের হেলাল (৫৮) ও আব্দুস সাত্তার (৬৫) এবং নওগাঁর আলতাব হোসেন (৭৬)।
তাদের মধ্যে নুর বানু, সুরেশ, অতুল ও হেলাল বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে, আব্দুস সাত্তার ও আলতাব বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং শাহনাজ ও গৌর চরণ বগুড়া টিএমএসএস হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৩৬ নমুনার ফলাফলে নতুন করে ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৭ দশমিক ৭৯ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৬১ জন।
নতুন আক্রান্ত ১২৭ জনের মধ্যে সদরের ৭৮ জন, আদমদীঘির ১৩ জন, দুপচাঁচিয়ার ১০ জন, গাবতলীর ৭ জন, শিবগঞ্জের ৬ জন, সারিয়াকান্দির ৫ জন, শাজাহানপুরের ৫ জন, নন্দীগ্রামের ২ জন এবং শেরপুরের একজন রয়েছেন।
বুধবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
এর আগের দিন জেলায় ৩৬৮ নমুনায় ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
ডা. তুহিন জানান, ২৯ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩৯টি নমুনায় ৭৯ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১২ নমুনায় ৪ জনের, এন্টিজেন পরীক্ষায় ৫৬ নমুনায় ২৬ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ নমুনায় ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৮৩৯ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৬১২জনে দাঁড়িয়েছে।
এছাড়া নতুন করে ৮ জনের মৃত্যুতে মোট মৃত্যু ৩৯৪ জনে ঠেকেছে। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৩ জন।
